টেকনাফ সীমান্ত দিয়ে আরো চার শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ
জুমবাংলা ডেস্ক : মায়ানমারে চলমান সংঘাতময় পরিস্থিতিতে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় চার শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে সীমান্তবর্তী এলাকার মানুষ এবং ক্যাম্পের রোহিঙ্গা নেতারা জানিয়েছেন।
এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে সীমান্তে দালাল, প্রতারক, ছিনতাইকারী ও মানব পাচারকারী সিন্ডিকেটের রমরমা বাণিজ্য চলছে বলে জানা গেছে। রোহিঙ্গারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দালালদের শরণাপন্ন হচ্ছে। দালালচক্র টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিচ্ছে।
মায়ানমার থেকে পাওয়া খবরে জানা গেছে, মংডু টাউনশিপ দখল নিয়ে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে জান্তা সরকারের বাহিনী। সপ্তাহখানেক ধরে দুই পক্ষের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। এমন পরিস্থিতিতে মংডু টাউনশিপের হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে ছুটছে নাফ নদের তীরে।
অন্তত ৪০ হাজার রোহিঙ্গা নাফ নদের তীরে এসে জড়ো হয়েছে। তারা সুযোগ খুঁজছে বাংলাদেশে অনুপ্রবেশের।
নাফ নদ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা জানিয়েছে, ২০১৭ সালে বা এর পরবর্তী সময়ে রোহিঙ্গারা খুব সহজে বাংলাদেশে প্রবেশ করতে পেরেছিল। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই।
